ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নোয়াখালীর সন্তান এবং ২০২৪ সাল থেকে ভার্জিনিয়া স্টেটের সিনেটর (ডিস্ট্রিক্ট-৩৭) সাদ্দাম আজলান সেলিম (৩৬) কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৭ থেকে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হয়েছেন। স্বাস্থ্যসম্মত, নিরাপদ এবং আরো সাশ্রয়ী ভার্জিনিয়ার জন্যে স্টেট সিনেট ছেড়ে কংগ্রেসে লড়ছেন বলে নির্বাচনী প্রচারণার শুরুতেই গত সোমবার উল্লেখ করেছেন বাংলাদেশী আমেরিকান সাদ্দাম সেলিম।
উল্লেখ্য, একেবারেই গরিব পরিবার থেকে বেড়ে উঠা কঠোর পরিশ্রমী ও মেধাবি সাদ্দাম ২০২৩ সালের নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ফেয়ারফ্যাক্স কাউন্টি, ফেয়ারফ্যাক্স সিটি, এবং ফলসচার্চ সিটি নিয়ে গঠিত স্টেট সিনেট ডিস্ট্রিক্ট’র নির্বাচনে ১৬ বছর ধরে নির্বাচিত হয়ে আসা সিনেটর চ্যাপ পিটারসনকে ধরাশায়ী করেছেন।
তৃণমূলের সাথে চমৎকার সম্পর্কের সিঁড়ি বেয়ে কংগ্রেসের আসন্ন মধ্যবর্তী নির্বাচনেও বিজয়ী হতে চান সাদ্দাম সেলিম। প্রচারণার শুরুতেই তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নানাবিধ কর্মকান্ডে যুক্তরাষ্ট্রের জনজীবন বিষিয়ে উঠেছে, গণতন্ত্র আজ বিপন্ন এবং আন্তর্জাতিকভাবে বিদ্যমান ইমেজও নড়বড়ে হয়ে পড়েছে। এহেন অবস্থা থেকে ভার্জিনিয়া এবং সমগ্র যুক্তরাষ্ট্রকে নিরাপদ করতে তার মত তরুণ নেতৃত্বের বিকল্প নেই।
৪ আগস্ট অনুষ্ঠিত হবে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচন এবং লড়ছেন আরো ৭ জন। গত চার বছর স্টেট সিনেটের কার্যক্রমের মধ্যদিয়ে সাদ্দাম সেলিম জাতীয় রাজনীতিতেও পরিচিতি পেয়েছেন এবং নিজের নির্বাচনী এলাকার নিম্ন ও মধ্যবিত্তের ভোটারের মধ্যে তার রয়েছে ব্যাপক সমর্থন এ তথ্য জানান ঐ এলাকার একজন বাংলাদেশী আমেরিকান।
এ ছাড়া নতুন প্রজন্মের ভোটারের বড় একটি অংশ ইতিমধ্যেই সাদ্দামের পক্ষে মাঠে নেমেছেন। সবমিলিয়ে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেই সাদ্দামের বিজয় নিশ্চিত। কারণ, এলাকাটি হচ্ছে ডেমক্র্যাট-অধ্যুষিত।
উল্লেখ্য, সাদ্দাম সেলিম বিজয়ী হলে তিনি হবেন প্রথম বাংলাদেশী আমেরিকান মার্কিন কংগ্রেসে। সেজন্যে সাদ্দামের পক্ষে সমগ্র কম্যুনিটিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ঐ নির্বাচনী এলাকার আত্মীয়-স্বজনকে সাদ্দামের পক্ষে আরো জোরালো ভ’মিকায় অবতীর্ণ হবার অনুরোধ জানাচ্ছেন প্রবাসীরা। সূএ: বাংলাদেশ প্রতিদিন








