ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ঢাকা থেকে ও অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে।
আটকরা হলেন রিয়াজ এবং আল আমিন।
আজ ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার খুনের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ এবং আল আমিন নামে দুই জনকে আটক করা হয়েছে। মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। পেশায় সিমেন্ট-বালু ব্যবসায়ী বিল্লাল মগবাজারের পৃথক দুটি এলাকায় দুই পরিবার ও ৬ সন্তান নিয়ে বসবাস করতেন।








