ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণিল আলোক উৎসব ‘ভিভিড সিডনি’র মনোমুগ্ধকর আবহে প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) ও বিডি হাব সিডনি এই ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করে।
সিডনি হারবারে চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে দুই সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সন্ধ্যা সোয়া ৬টায় কিং স্ট্রিট ওয়ার্ফ-৩ থেকে ‘জেরি বেইলি’ নৌযানে যাত্রা শুরু হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন জানান, দুই প্রতিষ্ঠানের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই নৌবিহারের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘আমাদের সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে পরিচিতি ও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরিবারকেন্দ্রিক এমন মিলনমেলা কমিউনিটির বন্ধনকে আরও শক্তিশালী করে।’
নৌবিহারে অংশগ্রহণকারীরা সিডনি হারবারে ভিভিড সিডনির বর্ণিল আলোকসজ্জা উপভোগ করেন। এ সময় সদস্য ও তাদের পরিবারের মধ্যে প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
নৌ বিহারে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সহ-সভাপতি সোহেল খান বিডি হাব সিডনি’র আগামী বছরের চাঁদ রাত মেলায় অংশগ্রহণ করলে উপহারের ঘোষণা দেন।
আয়োজনে অতিথিদের জন্য স্ন্যাকস, রাতের খাবার, বিভিন্ন ধরনের জুসের ব্যবস্থা ছিল। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিবছর অস্ট্রেলিয়ার শীত মৌসুমের শুরুতে সিডনি শহরজুড়ে অনুষ্ঠিত হয় ‘ভিভিড সিডনি’। আলো, সংগীত, শিল্পকলা ও সৃজনশীল ভাবনার সমন্বয়ে আয়োজিত এ উৎসবকে বিশ্বের অন্যতম বৃহৎ আলোক উৎসব হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শনার্থী এই উৎসব উপভোগ করতে সিডনিতে আসেন। বিশেষ করে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজ এবং শহরের বিভিন্ন স্থাপনা রঙিন আলোকসজ্জায় সজ্জিত হওয়ায় পুরো শহর এক অনন্য সৌন্দর্যে রূপ নেয়। সূএ : বাংলাদেশ প্রতিদিন








