ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে নতুন একটি বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ভামসি পাইডিপল্লি। প্রযোজনায় আছেন দিল রাজু। ইতোমধ্যেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
এর আগে নিশ্চিত করা হয়েছে, এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।
এবার শোনা যাচ্ছে, আরও দুই তারকা এতে অংশ নেবেন। তাদের একজন অরবিন্দ স্বামী। আর চমক হিসেবে এতে থাকছেন ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত অভিনেতা অনিল কাপুর।

যৌবনে অনিল কাপুর
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ছবির নির্মাতা দল। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ছবিটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘এসভিসি তেষট্টি’।
জানা গেছে, ছবিটি হবে বড় পরিসরের একটি অ্যাকশন-থ্রিলার, যেখানে থাকবে শক্তিশালী আবেগঘন গল্প। নির্মাতা ভামসি পাইডিপল্লি এই ছবিতে সালমান খানকে একেবারে নতুন রূপে হাজির করতে চান। সেই খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
এই ছবিতে হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে। নির্মাতারা এটিকে সর্বভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করছেন।
শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসেই দৃশ্যধারণ শুরু হবে এবং ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। সূএ :জাগোনিউজ২৪.কম,








