অনলাইন ডেস্ক : বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালায় এবং অন্তত ১০টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘবদ্ধ হামলার কারণে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে পুলিশ শুরুতে নিয়ন্ত্রণে বেগ পায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ এবং শেখ মনজুরুল আলমের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে গত ২৮ জানুয়ারি লিচুতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন নিহত হন। সেই ঘটনার জের ধরেই সর্বশেষ এ সংঘর্ষের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় একজন নিহত হয়েছেন।









