ছবি সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত ছবি, ভিডিও থেকে শুরু করে ব্যাংকিং তথ্য—সবই থাকে এই এক মুঠো ডিভাইসে। কিন্তু অসাবধানতাবশত ফোন হাত থেকে পড়ে স্ক্রিন ফেটে যাওয়া বা পানিতে ভেজার মতো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আর বিপত্তি বাধে তখনই, যখন আমরা ফোনটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে দিই।
সম্প্রতি অনেকক্ষেত্রেই দেখা গেছে, ফোন সারাতে দিয়ে ব্যক্তিগত তথ্য বা ছবি চুরির শিকার হয়েছেন ব্যবহারকারীরা। অনেককেই থার্ড পার্টি সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার পর ব্ল্যাকমেইলিং বা তথ্য ফাঁসের ঝক্কি পোহাতে হয়েছে। এই বিপদ এড়াতে আপনার ফোনটি মেকানিকের হাতে তুলে দেওয়ার আগে ৩টি জরুরি পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন।
১. ‘রিপেয়ার মোড’ (Repair Mode) সক্রিয় করুন
আধুনিক স্মার্টফোনগুলোতে এখন Repair Mode বা Maintenance Mode সুবিধা থাকে। এটি চালু করলে ফোনের টেকনিশিয়ান আপনার ডিভাইসের ফাংশনগুলো পরীক্ষা করতে পারবেন ঠিকই, কিন্তু আপনার ব্যক্তিগত মেসেজ, গ্যালারি বা কন্টাক্ট লিস্টে উঁকি দিতে পারবেন না। ফোন দেওয়ার আগে সেটিংস থেকে এই মোডটি অন করে নেওয়া সবথেকে নিরাপদ।
২. গেস্ট মোড (Guest Mode) ব্যবহার করুন
যদি আপনার ফোনে রিপেয়ার মোড না থাকে, তবে Guest Mode একটি দুর্দান্ত বিকল্প। এটি আপনার ফোনের ভেতর একটি আলাদা স্পেস তৈরি করে। ফলে ফোন আনলক থাকলেও টেকনিশিয়ান আপনার ব্যক্তিগত ফাইল বা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে প্রবেশ করতে পারবে না।

৩. ব্যাকআপ নিন ও ফোন রিসেট করুন
সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো ফোনটি দেওয়ার আগে সম্পূর্ণ Data Backup নেওয়া এবং ডিভাইসটি Factory Reset করে ফেলা। এতে আপনার সমস্ত তথ্য ফোন থেকে মুছে যাবে। ফোন সারিয়ে আনার পর আপনি আবার ব্যাকআপ থেকে সব ডেটা রিস্টোর করে নিতে পারবেন। বিশেষ করে থার্ড পার্টি দোকানে ফোন দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিটিই সেরা।
মনে রাখবেন: পাসওয়ার্ড কখনও দেবেন না!
অনেকেই ফোন চেক করার অজুহাতে আপনার ফোনের লক খোলার পাসওয়ার্ড বা পিন চেয়ে বসতে পারে। মনে রাখবেন, কোনো স্বীকৃত সার্ভিস সেন্টারের আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড জানার অধিকার নেই। পাসওয়ার্ড দেওয়ার অর্থ হলো আপনার ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া।
সতর্কতা: সামান্য অসাবধানতা আপনার ব্যক্তিগত জীবনকে বিপন্ন করতে পারে। তাই ফোন মেরামত করার আগে এই সহজ সুরক্ষা টিপসগুলো মেনে চলুন। সূএ: ঢাকা মেইল ডটকম








