ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মেটা কি আদৌ ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা পড়তে পারে—এমন প্রশ্ন যখন মামলার পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই ব্যবহারকারীদের সুরক্ষা জোরদার করতে নতুন একটি নিরাপত্তা ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটির নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, এই সেটিংস বিশেষভাবে সাইবার আক্রমণ ও স্পাইওয়্যার থেকে ব্যবহারকারীদের রক্ষায় কার্যকর হবে।
মামলা ও বিতর্কের প্রেক্ষাপট
সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে একদল ব্যবহারকারী মেটার বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের অভিযোগ, এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত বার্তায় প্রবেশাধিকার পেতে পারে। এই বিতর্কে যুক্ত হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াটসঅ্যাপকে ‘অনিরাপদ’ বলে মন্তব্য করেন।
তবে হোয়াটসঅ্যাপ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটি বলছে, ব্যবহারকারীদের বার্তা তারা পড়তে পারে না। এরপরও আস্থার সংকট কাটাতে এবং স্পাইওয়্যার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা ফিচারটি যুক্ত করা হয়েছে।
কী এই ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’
হোয়াটসঅ্যাপের নতুন এই মোডটি মূলত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। যেমন—সাংবাদিক, মানবাধিকারকর্মী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এই মোড চালু করলে অপরিচিত নম্বর থেকে পাঠানো ছবি, ভিডিও বা ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। মেসেজে পাঠানো কোনো লিংকের প্রিভিউ দেখা যাবে না, যাতে ক্ষতিকর ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করতে না পারে। পাশাপাশি অজানা নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে।
যেভাবে চালু করবেন
এই বাড়তি নিরাপত্তা সুবিধা চালু করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ‘প্রাইভেসি’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘অ্যাডভান্সড’ মেনুতে গেলে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ অপশনটি পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে সেখান থেকেই এটি সক্রিয় করতে পারবেন।
ব্যাকএন্ডে কারিগরি পরিবর্তন
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাপটির অভ্যন্তরীণ কাঠামোয় নিরাপত্তা জোরদার করতে তারা ‘রাস্ট’ (Rust) নামের একটি আধুনিক প্রোগ্রামিং ভাষা ব্যবহার শুরু করেছে। এর ফলে স্পাইওয়্যার আক্রমণ থেকে ছবি, ভিডিও ও বার্তা আগের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
এই কারিগরি আপডেটের জন্য ব্যবহারকারীদের আলাদাভাবে কোনো পদক্ষেপ নিতে হবে না। এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সূএ: বাংলাদেশ প্রতিদিন








