ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শরীয়তপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান চালিয়ে ১২টি যানবাহনকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মনোহর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুটি মোটরসাইকেল, দুটি নসিমন-করিমন, চারটি ট্রাক এবং লাইসেন্সবিহীন দুটি অ্যাম্বুলেন্সসহ মোট ১২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নিষিদ্ধ যানবাহন চলাচল, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, চালকের সিটবেল্ট ব্যবহার না করা, অফিস চলাকালে সড়কের ওপর গাড়ি রেখে মালামাল ওঠানো-নামানো এবং যত্রতত্র পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এসব জরিমানা করা হয়। এ ছাড়া নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. নিজাম হোসেন। এ সময় টিআই জুবায়ের, সার্জেন্ট আরিফুল হক, এএসআই মিঠু এবং ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক ইন্সপেক্টর মো. নিজাম হোসেন জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








