ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট। বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।
তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল।
এসআরবি-১২-এর অধিনায়ক আরও জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী সর্বহারা দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়।








