ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৬ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ রয়েছে। ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই লাইনেই রেল চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা বলেন, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।
পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।








