ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও উপনির্বাচনে দলীয় প্রশাসনকে ব্যবহার করে সরকার ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, ‘ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। যা খুবই দু:খজনক।’
তিনি বলেন, আমাদের ধারণা, অফিসিয়াল ব্যাজ ছাড়া পোলিং ও প্রিসাইডিং অফিসাররা সবাই বিএনপির দলীয় লোক। তাদের ইচ্ছামতো যাতে সিল মারতে পারে। ভোট গ্রহণে তারা জোর করে মেকানিজম করে ভোট গ্রহণ কর্তৃপক্ষকে কৌশলে কাজে লাগিয়ে ফলাফল নিজেদের অনুকূলে আনতে চেষ্টা করছেন, ফলে এগুলো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মধ্যে পড়ে।
কোথাও কোথাও ব্যালট পেপারে কেন আগে সই করা হলো, কেন আগে সিল মেরে সেখানে নিয়মের ব্যত্যয় ঘটানো হলো, এ প্রশ্ন রাখেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মিডিয়াতে আসছে, একজন মা ভোট দিতে গিয়ে বলছেন, তার ভোট দেওয়া হয়ে গেছে। কে তার ভোটটা দিয়েছে? মিডিয়ায় আসছে বলে আমরা জানলাম, সব তো আমরা জানতে পারছি না।
তিনি আরও বলেন, প্রায় ৫ লক্ষ ভোটার। প্রত্যন্ত অঞ্চল যেখানে গাড়ি যেতে পারে না, মিডিয়া যেতে পারে না, সেখানে কত ‘অঘটন’ ঘটছে আমরা বলতে পারছি না। সে কারণে অনুমান করা যায়, একটা উদ্দেশ্যমূলক কারণে ব্যাচ-ছবি ছাড়া প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিয়েছে।’
নির্বাচন কমিশনকে নানা অনিয়মের কথা জানালেও কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তিনি দলীয় লোকদের আইডি কার্ড ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসার বানিয়ে নির্বাচনের ফলাফল অনুকূলে আনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।








