ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের পাশ্ববর্তী ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সেতু-সংলগ্ন এলাকায় যানজটের শঙ্কা রয়েছে। এ কারণে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) হাইওয়ে পুলিশ প্রধানের স্টাফ অফিসার তারিক লতিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশ্ববর্তী তারাবো-ডেমরা সড়কের (R-201) প্রথম কিলোমিটার এ অবস্থিত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামত কাজ আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত নারায়নগঞ্জ সড়ক বিভাগ কর্তৃক চলমান থাকবে। নারায়নগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।
এমন পরিস্থিতিতে সম্মানিত যাত্রী সাধারণকে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুততার সহিত জনসাধারণের কাছে পৌছানোর জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।








