ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বাস্তবায়ন কমিটির নেতারা।
বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, জামায়াতের ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং বর্তমান আমির মাওলানা রেজাউল করিম।
বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
একই সময়ে লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপিসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতারা।
বৈঠকে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।








