ফাইল ছবি
অনলাইন ডেস্ক : টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন ৬০ বছর বয়সী লালচান, ৫০ বছর বয়সী নাসিমা ও ১৬ বছর বয়সী তানিসা। তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদারের দেওয়া তথ্য অনুযায়ী, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের মধ্যে লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে এবং তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।








