ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ঋণগ্রস্ততা ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শাহবাজ বাংলাদেশেই বসবাস করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন এবং এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাসার ভেতরে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দারোয়ান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন








