ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণে সাদা ব্যাগে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ২টার দিকে সন্দেহজনক বস্তু দেখতে পাওয়ার পর সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করে নিরাপদ করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লালন আখড়াবাড়ির ভেতরে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে সন্দেহজনক বস্তু থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে বোমাসদৃশ একটি বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুটি নিরাপদ করা হলে ঘটনাস্থলে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
এদিকে, এ ঘটনার পর রবিবার রাত থেকেই লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা আখড়াবাড়ির আঙিনায় বোমাসদৃশ বস্তু রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। সেটি উদ্ধার করে সোমবার সকালে পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে। স্মরণোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।








