ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং অবহেলায় রাজধানীর পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন ‘রমনা সমাজকল্যাণ সোসাইটি’র উদ্যোগে আয়োজিত এক ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানকে সামনে রেখে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড (রমনা) কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্কের ভেতরে প্রদক্ষিণ শেষে যমুনার সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে আবু সাদিক কায়েম বলেন, ‘বিদেশে নাগরিকেরা সুস্থতার জন্য দিনের শুরুতেই বিশাল বিশাল পার্কে বা মাঠে গিয়ে শরীর চর্চা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ঢাকা শহরে মানুষের সুস্থতার জন্য শরীর চর্চা করার প্রয়োজনীয় পার্ক বা মাঠ নেই। নামমাত্র যে কয়টি পার্ক রয়েছে, সেগুলোও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এবং অবহেলায় ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ। পার্কগুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে।’
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, ‘আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে জনগণ আমাদের নির্বাচিত করলে বিদ্যমান পার্কগুলোকে দখলমুক্ত করে জনগণের ব্যবহার উপযোগী করে তোলা হবে। পাশাপাশি প্রতিটি এলাকায় নতুন করে পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’
সভাপতির বক্তব্যে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক বন্ধন তৈরিতে ম্যারাথনের পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধী যতই ক্ষমতাধর হোক না কেন, জনগণের ঐক্যের সামনে টিকে থাকতে পারবে না।’
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








