ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, দলীয়করণ ও বিভিন্ন সেক্টরে দখলদারিত্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন?
ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার সবকিছু দখল এবং ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের পর এবার চাকরির বাজারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
দেশ পরিচালনার ক্ষেত্রে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার তাগিদ দিয়ে তিনি উল্লেখ করেন, দেশ চালাতে হলে অন্তত চাকরির বাজারটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখুন। মেধার বদলে দলীয় পরিচয়, যোগ্যতার বদলে তদবির আর পরীক্ষার বদলে প্রশ্নফাঁস চলতে থাকলে দেশ চলবে কীভাবে? এ ধরনের দূরদর্শিতাহীন কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি মন্তব্য করেন, এমনটা চলতে থাকলে একসময় দল হিসেবে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবে, যা নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো অবস্থা হবে।
পোস্টের শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মেধাভিত্তিক সমাজ গঠনের দাবি জানিয়ে বলেন, সকল পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত হতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া থেকে কোটার অপব্যবহার ও দলীয়করণের অবসান ঘটাতে হবে। চাঁদাবাজি ও দখলদারিত্ব পরিহার করে মেধা, যোগ্যতা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।








