ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শেখ মুজিবুর রহমানের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থাপনার নাম রাখা হলে মেজর ডালিমের নামেও হল করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, শেখ মুজিবুর রহমান দেশকে বাকশাল ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন এবং বহুদলীয় শাসনব্যবস্থা থেকে একনায়কতন্ত্রে রূপান্তর করেছিলো। তাই শেখ মুজিবুর রহমানের নামে কোনো হলের নামকরণ করা উচিত নয়।
তিনি বলেন, ‘শেখ মুজিবের নামে যদি হলের নাম রাখা হয়, তাহলে মেজর ডালিমের নামেও হল দিতে হবে।’
ফাহিম ফারুকী আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ তাঁর পরিবারের যেসব সদস্য ‘ফ্যাসিবাদের আইকন’ তাঁদের নামে কোনো হল বা স্থাপনার নামকরণ করা হলে দেশে আবারও ফ্যাসিবাদ জেগে উঠবে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিঁড়ে নিজেদের প্রতিবাদ জানান মঞ্চ-২৪-এর নেতাকর্মীরা।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হলটির প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে ফেলার কাজ শুরু হয়। সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আগের নামই পুনর্বহাল করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লিখেছিল। পরে হলটির নাম পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সুপারিশ হয়।








