ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি এটিকে ক্ষমতা হিসেবে মনে করে না, বরং দায়িত্ব হিসেবে মনে করে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণের বিভিন্ন দুঃসময়ে বিএনপি সব সময় তাদের পাশে থেকেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলটি কার্যকর ভূমিকা রেখেছে। জনগণের পক্ষে থাকার কারণেই দেশের মানুষ বারবার বিএনপিকে সমর্থন ও সম্মান জানিয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আবার বিএনপির প্রতি আস্থা রেখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তিনি বলেন, ‘এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।’
তিনি বলেন, দেশের অর্থনীতি যখনই বিপন্ন হয়েছে, তখন জনগণের কল্যাণে তা পুনরুদ্ধার ও উন্নত করার দায়িত্বও বিএনপি পালন করেছে। বর্তমান সরকারও দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। জনগণের উন্নয়ন ও কল্যাণ না হলে রাজনৈতিক দল, সরকার কিংবা বিরোধী দলের কোনো কর্মকাণ্ডেরই অর্থ থাকে না।
নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক উন্নতি সাধন, জনগণের প্রয়োজন মেটানো এবং তাদের কষ্ট দূর করার কাজটি সহজ নয়। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে তাদেরও দায়িত্ব রয়েছে। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা সন্ত্রাস ও অপরাধে জড়িত হবে, তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এদিকে নজরুল ইসলাম খান সন্ত্রাস, অপরাধ ও দুষ্কৃতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলনের মাঠে থাকার আহ্বান জানান।








