ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু দেশের নয়, বিশ্বেরও সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আরও বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি
বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এটি শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিষ্ঠা করতে সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন। দেশের জনমিতিক লভ্যাংশ যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি এসময় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারের কথা বলেন। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা শুরু করার মতো আর্থিক সক্ষমতা নেই- এমন তরুণদের সিড মানি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল রাখা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আলোচকরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন এবং তরুণদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নিজেদের ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।








