ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে শহিদ শরিফ ওসমান হাদিকে আজীবনের জন্য সংগঠনের মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক রায়হান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এ নির্বাচনের পর নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
আংশিক কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা, সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক হিসেবে রায়হান আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে হাবিবুল্লাহ মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে ছয় সদস্যের একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাব্বিরকে এবং সদস্য সচিব করা হয়েছে মাসুদুর রহমান আদনানকে। কমিটির অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত নেতৃত্ব ইনকিলাব মঞ্চকে একটি আদর্শভিত্তিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ কামনা করেছেন নবনির্বাচিত নেতারা।
তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।








