লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। রবিবার (১৯ জুলাই) উপজেলার চরপলিশা বেতমারী তালতলা এলাকায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন।
একই দিন মেলান্দহ উপজেলার আগপয়লা এলাকায় অটোরিকশার চাপায় নাজনিন নাহার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।
শিশু নাহার ওই এলাকার নাজমুল হোসেনের মেয়ে। নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রবিবার বিকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরপলিশা বেতমারী তালতলা এলাকায় জামালপুরগামী একটি সিএনজি ও মেলান্দহগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা এক নারী ও এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
অন্যদিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় নাজনীন নাহার নামে এক শিশু অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সিএনজি ও ভটভটির সংঘর্ষে নিহত ২ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।








