ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা ১৫ আসন এলাকায় তীব্র পানির সংকট, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাং এর সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তবে এই সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। সরকারি দল ও বিরোধী দল মিলে জনগণের সহায়তায় এই সমস্যা সমাধান করা হবে। জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কোনদিনও এই সমস্যা সমাধান করা যাবে না।
বুধবার (১ জুলাই) ঢাকা-১৫ আসনের চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা-১৫ আসনের জনগণের পানির সমস্যা, গ্যাসের সমস্যা সমাধানে, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে, অবৈধ খাল দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ জনগণের সেবামূলক কার্যক্রমে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একমত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। পৃথক চারটি মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে তারা মিলিত হোন।
প্রথমে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে তারা পূর্ব মনিপুরের বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড়ের ৪ নম্বর ওয়ার্ড এলাকা ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা ডেঙ্গু পরিস্থিতি, পশ্চিম শেওড়াপাড়ার খালের অবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সমস্যাসহ বিভিন্ন এলাকায় উপস্থিত স্থানীয় জনগণের অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন | এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছে এবং জনগণের সহায়তায় আমরা সব সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।
তিনি বলেন, এলাকার সব সমস্যা সমাধানে জনগণকে সহায়তাসহ এলাকার প্রতিটি জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এরকম একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধ দলীয় নেতা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় তারা প্রত্যেকে নিজস্ব তহবিল হতে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং জনগণকে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








