ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মাদক কারবারি শহিদুল ইসলাম আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩০ লাখ টাকার বেশি মাদকদ্রব্য ও নগদ অর্থও উদ্ধার করা হয়। আকাশ রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।
আজ দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
তিনি বলেন, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাশিয়ানী থার পশ্চিম রামদিয়া এলাকায় অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে কাশিয়ানী থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে আকাশকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ২০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।








