ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মিরপুর থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।
এরা হলেন মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০)। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ডিবি-মিরপুর বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকের লাভ রোডে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রানা ও হানিফকে গ্রেফতার করা হয়। এ সময় হানিফের কাছ থেকে বিদেশি একটি পিস্তল ও রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি জব্দ করা হয়।








