ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (১২ এপ্রিল) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ২ হাজার ৩৯ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট আবেদনের ৯৩ শতাংশ। ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে, রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটভুক্ত ৪টি বিভাগের (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ) ৩৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৩৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন।
পরীক্ষাচলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী। পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ। পাশাপাশি ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ তাদের স্টলগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করেন।
সূএ: বাংলাদেশ প্রতিদিন








