ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা যায়, যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একইসঙ্গে যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় জ্বালানি ব্যয়ও বেড়ে যায় বলে পরিবহন সংশ্লিষ্টদের দাবি।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকে পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।








