ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ভাঙ্গায় ছিনতাই কাজে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের মেহেদী আকন্দ (২৪) ও বায়োজিদ তালুকদার (২১),সলিলদিয়া গ্রামের তামিম মাতুব্বর (২২)।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের ব্যাটারিচালিত অটোগাড়ির চালক সাগর মাতুব্বর শুক্রবার সকালে তার অটোগাড়ি নিয়ে বের হন। ওদিন বেলা ১১টার দিকে অটোগাড়িটি নিয়ে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার স্ট্যান্ডে আসেন।
তারপর গাড়ি থেকে যাত্রী নামিয়ে পুলিয়ার দিকে যাওয়ার সময় মেহেদী আকন্দসহ তিনজন যাত্রী হিসেবে অটোতে উঠেন। অটোটি ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজের সার্ভিস রোডের পাকা রাস্তায় পৌঁছামাত্র মেহেদী আকন্দ ধারালো চাকু বের করে অটোচালকের গলায় ধরে এবং অন্য দুই জন ছোরা দিয়ে ভয়ভীতি দেখিয়ে অটোচালকের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
এরপর তারা চালককে গাড়ি থেকে জোর করে নামিয়ে তার অটোগাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। চালকের চিৎকারে আশেপাশের লোকজন ও পথচারীরা এসে পড়ায় ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে অটোচালক সাগর মাতুব্বর ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ শুক্রবার বিকেলে দেশিয় অস্ত্রসহ ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।









