ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে ভর্তি এক রোগীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামে ওই যুবকের ওপর এ হামলার ঘটনা ঘটে। তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তাকে মারধর করে আহত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। পরে শুক্রবার সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায়। অভিযোগ রয়েছে, শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস ‘চাইনিজ কুড়াল’ দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
আহতের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার চাচা পান্না বিশ্বাসের লোকজন প্রথমে রাসেলকে মারধর করে এবং পরে হাসপাতালে ঢুকে আবার কুপিয়ে আহত করে। বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জানতে পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।









