ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের বড় কারিগর তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে তিনি পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এর আগে প্রথম ম্যাচেও ফিফটি করে জিতেছেন যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার। বাঁহাতি ওপেনার এবার জানালেন, অন্তত ২০টি সেঞ্চুরির চেষ্টা করবেন।
মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৭ ছক্কার ঝড় তুলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তামিম। ৪৫ টি-টোয়েন্টি ও ৩১ ওয়ানডে ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি।
তামিমের সেঞ্চুরির পর জাতীয় দলের সাবেক নির্বাচক ও বয়সভিত্তিক পর্যায় থেকে তাকে কাছ থেকে দেখা হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বাঁহাতি ওপেনারের কাছে অন্তত ২০টি সেঞ্চুরি দেখতে চান।
“ওয়ানডেতে তামিমের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায়”- প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব। ইনশাআল্লাহ।”
তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের কাছে হান্নানের এই চাওয়ার কথা জানানো হলে তিনি বলেন, এর চেয়ে বেশি সেঞ্চুরিও হতে পারে।
“ইনশাআল্লাহ চেষ্টা করব (২০টি সেঞ্চুরি করার)। হয়তোবা এর থেকেও বেশি হতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোন সমস্যা নাই তো অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ।”
এর আগে ভিন্ন আরেক প্রশ্নে তামিমের কাছে জানতে চাওয়া হয়, ক্যারিয়ার শেষে কতগুলো ভালো ইনিংস নিজের নামের পাশে দেখতে চান। এর জবাবে সরাসরি কিছু না বলে কৌশলী উত্তর দেন ২৫ বছর বয়সী ওপেনার।
“আসলে দেখেন আমি এত দূরে তাকাতে চাই না। আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। আজকে যেটা হয়েছে, এটা কিন্তু অতীত হয়ে গেছে। সামনে যে সিরিজটা আসবে চেষ্টা করব প্রত্যেক সিরিজের প্রত্যেক ম্যাচে ভালো কিছু অবদান রাখার।”
“আপনি যেটা বললেন সেঞ্চুরির কথা, প্রত্যেক ম্যাচে চেষ্টা থাকবে সেঞ্চুরি করা- এটা তো সব ব্যাটারেরই থাকে যে প্রত্যেক ম্যাচে ভালো করবে, টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করবে। তো আমার চেষ্টা থাকবে প্রত্যেক ম্যাচে কীভাবে দলের জন্য ভালো কিছু অবদান রাখতে পারি।”








