লক্ষ্মীপুর প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় ও অনগ্রসর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা। সংগঠনটির উদ্যোগে জেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সাবদী মাঝির খাল পাড় এলাকায় ৬০টি দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার বিকেলে আয়োজিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটে ওঠে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সভানেত্রী নিশু আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান বাবুল পাটওয়ারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ আ আবীর আকাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হালিমা আক্তার, আফসানা মীম তানহা, ইমতিয়াজ আহমেদ বুলবুল, রেহানা বেগম, আমেনা বেগম, ফাহিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান মেহমান আশরাফুর রহমান বাবুল পাটওয়ারী বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা সেই মানবিক দায়িত্ববোধ থেকেই প্রতিবছর বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে নারীকে এগিয়ে নিতে এবং অসহায় ও অনগ্রসর নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। বিভিন্ন দাতা সংস্থা ও শুভানুধ্যায়ীদের সহায়তায় সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ আ আবীর আকাশ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, খেসারী ডালসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। এসব সামগ্রী পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি-বেসরকারি দপ্তরের সহযোগিতায় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মানবিক সহায়তার পাশাপাশি সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর আগে গত শীত মৌসুমে সংগঠনটির উদ্যোগে একই এলাকায় প্রায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং আরও বেশি মানুষ এর সুফল পাবে।








