ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপির নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেন, কোনো সংকট মোকাবিলা কিংবা মানুষের সমস্যার সমাধানেও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফয়জুল করীম বলেন, সরকার গঠনের পর অর্ধবছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো একটি ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না। কোনো একটি সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারছে না।
তিনি বলেন, জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। একইসঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ ও ব্যাপ্তি বেড়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ।
এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, বলেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। শরীয়াহ, সততা ও দক্ষতাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিতে তিনি দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেন।








