ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।
জামায়াতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিরা সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রধান বিরোধীদল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তারা।
এসময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।








