ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপের বাংলাদেশকে দ্রুত উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশ পরিচালনা ও সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি অনন্য ও অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন রাজনীতিক। স্বাধীনতার পরে প্রতিটি প্রতিকূল ও ধ্বংসাত্মক অবস্থা থেকে দেশকে টেনে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়া জনগণকে টেকসই উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তেমনিভাবে তারেক রহমানও ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন।
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এবং টেকসই উন্নয়ন- সবই বিএনপির অর্জন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ দেশ গঠনে কাজ করছেন। ইনশাআল্লাহ, আগামী দিনে তাঁর ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ হবে ‘বিশ্বে উন্নয়নের রোল মডেল’।
বর্ষীয়ান রাজনীতিক ড. মোশাররফ হোসেন বলেন, সামাজিক অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচিত সুস্থ ধারার রাজনীতিকে জনগণ বিপুল সমর্থন জানাচ্ছে। দেশকে এগিয়ে নিতে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে প্রধানমন্ত্রীর নতুন ধারার উন্নয়নের রাজনীতিতে সামিল হওয়ার জন্য তিনি (ড. মোশাররফ) জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব এস.এম সালাহউদ্দিন সরকার।
সমাবেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, ওসমান গণি ভূঁইয়া ও তৌহিদুল ইসলাম বাবু, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়া, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ডা. আবদুল কাইউম, আবদুল গাফফার, মো. সলিমউল্লাহ, দিলারা শিরীন ও আবু ইউসুব নয়ন, মেঘনা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ও সদস্যসচিব আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।








