ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :নেত্রকোনার দুর্গাপুরে জমিসংক্রান্ত জেরে শাশুড়ি সাহেরা খাতুনকে (৫৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাই শাহেদ বিশ্বাসের (৪৪) বিরুদ্ধে।
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জামাইকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত সাহেরা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে শাহেদ বিশ্বাসের কাছে মেয়েকে বিয়ে দেন সাহেরা খাতুন। এরপর মেয়ে-জামাইকে জমি দিয়ে বাড়িতে নিয়ে আসেন। তবে তার মেয়ে মারা যাওয়ার পর অভিযুক্ত শাহেদ আরও একটি বিয়ে করেন। পরে জমিও দখলে রাখেন। এ বিষয় নিয়ে বিরোধ চলছিল।
তারই ধারাবাহিকতায় শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে কুড়াল দিয়ে সাহেরা খাতুনকে কুপিয়ে জখম করলে তিনি মারা যান। এ সময় আশপাশের মানুষ এসে সাহেদকে আটক করে দুর্গাপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সাহেদ তার শাশুড়ির বাড়ির জায়গা মা ও পরের বিবাহিত বউকে নিয়ে ভোগদখল করতে চেয়েছিল। এই নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ ছিল। হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।








