ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন রয়েছে।
পাশাপাশি আজ দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সূএ: বাসস








