ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শকের বানু (৫০) নামের এক মাকে নৃশংসভাবে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মাদকাসক্ত ছেলে ইখলাস (৪০) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নিহত মা ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী।
শুক্রবার ভোররাতে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে নেশা করে আসছিল। প্রায় সময় তার বৃদ্ধ মায়ের কাছে টাকা দাবি করতো। রাতে মায়ের কাছে টাকা চাইলে মা দিতে অপরাগতা প্রকাশ করে। এসময় ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ওইসময় মাদকাসক্ত ছেলে ইখলাস পালানো চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।








