ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা।
আটক ব্যক্তির নাম মো. হযরত আলী (২৮)। শনিবার দুপুর ১২টার দিকে ঢামেকের নতুন ভবনের দোতলা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে সোপর্দ করা হয়।
ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, ঢামেকের নতুন ভবনের দোতলায় দায়িত্বরত আনসার সদস্যরা দেখতে পান, হযরত আলী রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহাদাত হোসেন বলেন, যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করেন, যাদের কোনো কাজ নেই, তাদের ধরার ব্যাপারে পরিচালক নির্দেশনা দিয়েছেন।








