ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটটি হচ্ছে বিদেশিদের ঋণের ওপর নির্ভরশীল, উচ্চাভিলাষী ও তাদের দলীয় কর্মীদের লুটপাট করে খাওয়ার বাজেট। এ বাজেট দেশের এবং দেশের জনগণের উন্নয়নে কোন কাজে আসবে না। শনিবার (১৩ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়ায় জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে প্রশাসন থেকে কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সার্ভিস কমিশন, জুডিশিয়ারি এখান থেকে দুর্নীতি না কমালে যে বাজেট হবে সেটা দলীয় কর্মীরা ভাগযোগ করে খাবে। দুর্নীতির কোন হিসাব হবে না।
তিনি বলেন, বর্তমানে দেশে যেই সংকট তৈরি হয়েছে, এই সংকট তাদেরকে নিরসন করতে হবে। ১২ ফেব্রুয়ারির একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো, ক্ষমতায় এসে সেই গণভোট ও জুলাই সনদ তাদের কাছে সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে গেল।
তিনি আরেও বলেন, ১১ তারিখের সংসদে যে বাজেট পেশ করা হয়েছে তার আগে ৯ তারিখে জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি খসড়া বাজেট পেশ করা হয়েছে। যেখানে ব্যয়ের পরিমাণ আয়ের পরিমাণ, ব্যাংকের ঋণ কমিয়ে, বিদেশি ঋণ কমিয়ে নিজস্ব উৎসের উপরে অর্থনীতিকে দাঁড় করানোর মাধ্যমে বাজেট করার কথা বলা হয়েছে, কিন্তু সরকার সেটিকে বাদ দিয়ে সম্পূর্ণ একটা উচ্চাভিলাষী ও বিদেশি ঋণের উপরে নির্ভরশীল একটি লুটপাটের বাজেট পেশ করেছেন। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এই বাজেটকে সংশোধন করে জনবান্ধব একটি বাজেট পাস করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। বরাবরই আমরা ভালো কাজে আপনাদেরকে সহযোগিতা করব এবং করছি, কোন মন্দ কাজে আমরা সহযোগিতা করবো না বরং আরও বাধা হয়ে দাঁড়াব।
তিনি বলেন, সরকার ক্ষমতায় এসে গ্যাসের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে এখন আবার বিদ্যুতের দামও বাড়িয়েছে। যার মধ্য দিয়ে জনগণ চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি আরও বলেন, বাজেটে নেই ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের কথা, নেই ভোলাতে শিল্পায়ন গড়ে তোলার কথা। নেই ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষাকরার জন্য কোন ধরনের বরাদ্দের কথা, কেন রাখা হলো না এই নিয়েও তিনি প্রশ্ন রাখেন।
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের মতামত ছাড়া যদি কোন বাজেট বাস্তবায়ন করা হয়, তা নিয়ে তারা কোনভাবে ছাড় দিবেন না।
জেলা আমির মো. জাকির হোসাইনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দীন উদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।








