ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইরানের আটটি সেতুতে হামলা চালানোর কথা জানাল দখলদার ইসরায়েলের সেনাবাহিনী।
ইরানি রেলপথ ও সেতুতে হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের আটটি সেতুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসব সেতু ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করতো।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “আমরা ইরানের শাসন ব্যবস্থাকে চূর্ণ করছি…আগের চেয়েও দ্বিগুণ উদ্যম ও শক্তি নিয়ে (হামলা চালাচ্ছি)।”
তিনি আরও বলেন, গতকাল (সোমবার) ইসরায়েলি বাহিনী ইরানের একটি বিমানঘাঁটিতে পরিবহন বিমান এবং ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছে। আর আজ তারা রেভল্যুশনারি গার্ডসের ব্যবহৃত রেলপথ ও সেতুগুলোতে আঘাত হেনেছে। সূত্র: আল-জাজিরা








