ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, জীবনে কোনোদিন আর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না। আমি একজন হতভাগা বোকা মানুষ। আমি বলছিলাম, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমি বিষ খাব। আমার বিষ খেতে হয়েছে, না কি জামায়াতে ইসলামী পরাজিত হয়েছে?
সম্প্রতি কিশোরগঞ্জে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, গত নির্বাচনটা গেল, কীভাবে নির্বাচনটা হলো? আমাদের নেতা তারেক রহমান ১৮ মাস আগে বলেছিলেন, এ আগামী নির্বাচনটা এমন একটা কঠিন নির্বাচন হবে, যে কঠিন নির্বাচন আমরা কোনোদিন করিনি। সেই কঠিন নির্বাচনটা আমাদেরকে করতে হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা এমনভাবে প্রচার করেছিল যে এবার আর যা-ই হোক, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে। মাস্টাররা বিশ্বাস করত, প্রফেসররা বিশ্বাস করত, প্রিসাইডিং অফিসাররা বিশ্বাস করত, পুলিশরা, আর্মিরা বিশ্বাস করত যে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে।
আর আমি একজন হতভাগা বোকা মানুষ, আমি বলছিলাম, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমি বিষ খাব। কথাটা আপনাদের মনে আছে? কোনটা ঠিক হয়েছে? আমার বিষ খেতে হয়েছে, না কি জামায়াতে ইসলামী পরাজিত হয়েছে?
তিনি আরো বলেন, কাজেই মনে রাখবেন, আমি যে ভবিষ্যদ্বাণী করব, আল্লাহ আমার উপরে… আমার অভিজ্ঞতা থেকে ৬১ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি ভবিষ্যদ্বাণী করি। আমি আপনাদেরকে বলে যাই, জীবনে কোনোদিন আর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না।









