ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পারছে বলে জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর আজ জনগণ তার ভোটদানের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছে।
এর আগে তিনি রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।
এসময় তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘আজকে প্রায় দীর্ঘ ১৭ বছর পরে সকলেই স্বাধীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে এবং ভোটারদেরও ব্যাপক উপস্থিতি খেয়াল করলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে।’
আমিনুল হক বলেন, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর আমরা আজ ভোট দিতে পারছি। আমরা আজকে ভোটদানের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই স্বার্থক হবে।
তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা তরুণদের চিন্তাভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।








