ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা নির্ধারণের পাশাপাশি তা যানবাহনের ভেতরেই ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, নতুন এই উদ্যোগের ফলে যাত্রীরা সরাসরি বাসের ভেতরেই ভাড়ার নির্ধারিত হার দেখতে পারবেন, যা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমাতে সহায়ক হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে থাকে।
তিনি আরো বলেন, একই আইনের ধারা অনুযায়ী সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বিআরটিএ ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং গণপরিবহনের দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট মালিক বা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা দেয়।
মন্ত্রী জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান রয়েছে। খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজে দৃশ্যমান করার ব্যবস্থা নেওয়া হবে।








