ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়েছে বিমানবন্দর কাস্টমস বিভাগ। এসময় ফ্লাইটটির শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাতে বিমানের ফ্লাইট বিজি ৩৪৮-এর কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আজ দুপুরে বিমানবন্দর কাস্টমস সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রটি জানায়, রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৪৮-এ স্বর্ণ আসছে। এমন খবর কাস্টমস বিভাগ অভিযান চালায়। অভিযানকালে ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
সূত্র আরও জানিয়েছে, ফ্লাইটটি শুরু থেকে নজরদারিতে ছিল। অবতরণের পর কাস্টমস সেটিতে অভিযান চালানোর জন্য বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এভসেকের সহায়তা নেয়। পরে তারা তল্লাশি চালায়। স্বর্ণগুলো সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় টয়লেটের প্যানেলের ভেতর লুকানো ছিল।









