ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, তারা ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপকভিত্তিক বিমান হামলা সম্পন্ন করেছে। এই বড় আকারের হামলায় ইরানের বেশ কিছু কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এদিকে, ইরানের অভ্যন্তরে হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতেও উত্তজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের পেতাহ তিকভা এবং কফর কাসেম নামক শহরগুলোতে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও ভাঙা অংশ পড়ার খবর পাওয়া গেছে।
আইডিএফ-এর একজন মুখপাত্র জানিয়েছেন যে, মধ্য-ইসরায়েলে আঘাত হানার খবর পাওয়ার পর হোম ফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এই ধ্বংসাবশেষ পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার দক্ষিণ ইরানের শিরাজ শহরে এক হামলায় দুই কিশোরসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তেহরান এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে। ইরান সরকারের দাবি, এই ধরনের হামলা তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।
পাল্টাপাল্টি এই হামলা ও প্রাণহানির ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র: সিএনএন









