ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ভাটারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে মো. রাকিব হাসান (২৪) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, বুধবার বিকেলে থানাধীন কুড়িল বাজার রোড এলাকায় তাদের সিকিউরিটি কোম্পানির গার্ডদের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাকিব হাসানের সঙ্গে তার সহকর্মী শাকিল আলীর ১৩ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
একপর্যায়ে শাকিল আলী ও তার সহযোগী মাসুদ রানা মিলে রাকিবকে মারধর করেন। এ সময় শাকিল একটি কাঠের লাঠি দিয়ে রাকিবের বাম কানের নিচে জোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর প্রধান অভিযুক্ত শাকিল আলী পালিয়ে গেলেও তার সহযোগী মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই সুমন বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পলাতক প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত রাকিব হাসান লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমনী মোহন গ্রামের সোহরোয়ার্দী ও মিনারা খাতুনের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর জোয়ার সাহারা এলাকায় বসবাস করতেন।








